দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের একটি শাখা সাঁতরে পার হয়ে চরে পাট কাটতে যাওয়ার সময় লিয়াকত মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মণ্ডল পুটিমারী গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, লিয়াকত মণ্ডল একটি হাঁড়ি সঙ্গে নিয়ে নদের শাখা সাঁতরে চরে পাট কাটতে যাচ্ছিলেন। মাঝপথে স্রোতের কারণে হাঁড়িতে পানি ঢুকে সেটি ডুবে গেলে তিনিও পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল বলেন, খবর পেয়ে স্বজনরা স্থানীয়ভাবে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছেন। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা ডুবুরি দল পাঠানোর ব্যবস্থা করছে।
চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ বলেন, রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে। তারা পৌঁছানোর পর নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু হবে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চলছে।
এমএম/